MezDhoni
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।
প্রথমে জিয়া উদ্যানে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্যরা, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন।
এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা আয়োজনের কথা রয়েছে। সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এমডি রহমান
ফোন : +1 4647335595, ই-মেইল: protidhoni24@gmail.com