আপডেট :

বছরের শেষ নাগাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ।
অন্যদিকে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা ও সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধির আইনগত যাচাই-বাছাইও (ভেটিং) সম্পন্ন হয়েছে আইন মন্ত্রণালয়ে। পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। এ উদ্দেশ্যে অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালা সংশোধনের বিষয়ে গত আগস্ট মাসেও নির্বাচন কমিশনের সঙ্গে এক দফা বৈঠক করেছিল জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় দলটি আবারও কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছে দলটি।
বহিষ্কৃত সংসদ সদস্যের অবস্থান ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
দৈনিক প্রতিধ্বনি ২৪ একটি আধুনিক ও নির্ভরযোগ্য বাংলা অনলাইন নিউজ পোর্টাল। সঠিক, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।
২৯০৭ এডিসন অ্যাভিনিউ, ব্লু আইল্যান্ড, ইলিনয় ৬০৪০৬, যুক্তরাষ্ট্র
© ২০২৫ দৈনিক প্রতিধ্বনি ২৪। সর্বস্বত্ব সংরক্ষিত।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।